NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

সাফ ফুটসালে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৩ এএম

সাফ ফুটসালে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। আজ ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে  জোড়া গোল করেন দলীয় অধিনায়ক রহবর ওয়াহেদ খান। শ্রীলঙ্কার হয়ে এক গোল শোধ দেন ফায়জার। এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারায় সাঈদ খোদারাহমির শিষ্যরা। চার ম্যাচে দুই জয়, এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে চার ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা।   শ্রীলঙ্কার বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দেন রহবর ওয়াহেদ খান। ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন। বাম প্রান্ত দিয়ে বা পায়ের চমৎকার ক্রসে শ্রীলঙ্কার জাল কাঁপান। এগিয়ে যাওয়া মিনিট খানেক পর গোল হজম করে বসে বাংলাদেশ।

প্রতিআক্রমণ ঠেকাতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক ফায়জারকে ফাউল করেন গোলরক্ষক রাব্বি। ফ্রি কিক থেকে গোল করে সমতা ফেরান শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথমার্ধের শেষদিন বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই রহবর। কর্নার থেকে সতীর্থের সঙ্গে চমৎকার পাসিং করে ডানপায়ে ক্রস করে শ্রীলঙ্কার গোলরক্ষককে বোকা বানান। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুন করেন মঈন আহমেদ। প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় আব্দুল আজিজ মোহাম্মদের ভুলে মঈন বল পেয়ে যান। সেখান থেকে দলীয় অধিনায়ক রহবরকে পাস দেন তিনি। বা দিক থেকে রহবর গোলমুখে ক্রস কররে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মঈন। ম্যাচ শেষের ৭ মিনিট আগে গোলরক্ষকের ভুলে শ্রীলঙ্কার জালে চতুর্থ গোল করে বাংলাদেশ। রিবাউন্ড থেকে পাওয়া বলকে গোলে পরিণত করেন তাজওয়ার বিন কাশেম।  ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে দলের শেষ ও টুর্নামেন্টে নিজের প্রথম গোল করেন আবির হোসেন মাহমুদ।