NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৯ এএম

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে (২৬ মার্চ বৃহস্পতিবার ) সূর্যোদয়ের সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে বগুড়া শহরের শহরের মুক্তির ফুলবাড়ী শহীদ স্মৃতিস্তম্ভে।   সকালের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে  পুষ্পমাল্য অর্পণ করে।    প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।   এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম.ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ প্রমুখ।   এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।    এদিন সুর্যদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা বিএনপি, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠান মুক্তির ফুলবাড়িতে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।     বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।   এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।   এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। এদিন বগুড়া প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।    দিবসটি উপলক্ষে সকাল আটটায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়।  এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের বিমোহিত করে।   অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধায় সকল শহীদ ও ত্যাগী মা-বোনদের স্মরণ করেন।   তিনি বলেন,‘স্বাধীনতা মানে শুধু একটি মানচিত্র নয়; এটি আমাদের অধিকার ও মর্যাদার প্রতীক। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। স্বাধীনতা অর্জন যেমন কঠিন, রক্ষা করা তার চেয়েও কঠিন। তাই দেশপ্রেম ও নৈতিকতা নিয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।’  বক্তব্যে তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ গড়ার নতুন প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।   এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।