NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

যশোরের বেতার শ্রোতাদের নিয়ে লিসেনার্স মিটআপ শীর্ষক শ্রোতা আড্ডা অনুষ্ঠিত হলো


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৯ এএম

যশোরের বেতার শ্রোতাদের নিয়ে লিসেনার্স মিটআপ শীর্ষক শ্রোতা আড্ডা অনুষ্ঠিত হলো

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ কর্তৃক  ২২ জুন ২০২৬ সোমবার যশোরের বেতার শ্রোতাদের নিয়ে লিসেনার্স মিটআপ শীর্ষক শ্রোতা আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যাপক এবং এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর মোঃ শাহাদত হোসেন।  উক্ত লিসেনার্স মিটআপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের বিখ্যাত শ্রোতা ও ডিএক্সার মোঃ নুর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোরের বিখ্যাত ডিএক্সার এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মিজানুর রহমান, বিখ্যাত ডিএক্সার ও সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ, ডিএক্সার ও বেতার শ্রোতা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও বিশিষ্ট সংগঠক জাহিদ হাসান।  প্রধান অতিথি প্রফেসর শাহাদাত হোসেন বলেন, বেতার যেমন বিনা তারে শব্দ প্রেরণ ও গ্রহণ করে তেমনি বেতার শ্রোতারাও বিনা তারের অদ্ভুত এক বন্ধনে আবদ্ধ থাকেন। এ বন্ধন আত্মীয়তার চেয়েও দৃঢ়, রক্তের চেয়েও গভীর। তাই বেতার শ্রোতারা দেশের যে প্রান্তেই যান না কেন সেখানকার শ্রোতাদের সাথে মিলনমেলায় অংশগ্রহণ করেন। শ্রোতাদের এ নির্মোহ ভালোবাসা একটি সুন্দর সমাজ গঠনে বড় ভূমিকা রাখে।

 প্রফেসর মিজানুর রহমান তার বক্তব্যে রেডিওর অতীত ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন যে বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে এক সময় রেডিও ছিলো সকলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য।  ডিএক্সার ফারুক আহমেদ রেডিও নিয়ে তার বাল্যকালের স্মৃতিচারণ করেন। অন্যদিকে ডিএক্সার আব্দুল্লাহ আল মামুন কিভাবে রেডিও শুনা শুরু করলেন সেই ইতিহাস তুলে ধরেন। জাহিদ হাসান চমৎকার একটা আয়োজনের জন্য মোঃ নুর আলম ও মোঃ মাহবুব আলমকে ধন্যবাদ জানান।   সভাপতির বক্তব্যে মোঃ নুর আলম আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আমরা আজ সারাদিন বেনাপোলসহ যশোরের নানা জায়গা পরিদর্শন করেছি। বেতার শ্রোতাদের সাথে এমন আড্ডায় যোগ দিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।  নগরীর অভিজাত হোটেল দি সাফরন লাউঞ্জে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়। আলোচনা সভা, আপ্যায়ন ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের উপস্থাপক মোঃ মাহবুব আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।